ফের বাড়লো স্মারক স্বর্ণমুদ্রার দাম
বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার দাম পাঁচ হাজার টাকা দাম বাড়িয়ে ৮৩ হাজার টাকা করা হয়েছে। এ নিয়ে চলতি বছর দুই দফায় বাড়ানো হলো স্মারক মুদ্রার দাম। গত বছর তিন দফায় স্মারক মুদ্রার দাম বাড়ানো হয়েছিল।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৯ জানুয়ারি প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রায় ৩ হাজার টাকা বাড়িয়ে দাম পুনর্নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন প্রতিটি মুদ্রায় দাম ধরা হয়েছিল ৭৮ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হলো। নতুন এ দাম বুধবার (১৮ জানুয়ারি) থেকে কার্যকর হবে।





