ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কের জেরে কক্সবাজারে জোড়া খুন
ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে দুই জনে হত্যা করে কক্সবাজার ছেড়ে পালানোর সময় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
তিনি জানান, দুপুরে কক্সবাজার ছাড়ার আগেই খুরুশকুল এলাকা থেকে কায়সার হামিদ ও সায়দুল ইসলাম নামে দুই ব্যক্তিকে হত্যায় জড়িত সহোদর জয়নাল আবেদিন ও কামাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও লোহার রড জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় সোমবার (১৬ জানুয়ারি) রাতে ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে খুন হন কায়সার হামিদ ও সায়েদুল ইসলাম। এরপর থেকে হামলায় জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গ্রেফতার এড়াতে জোড়া খুনে জড়িতরা পালিয়ে গেলেও পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার ছাড়ার আগেই খুরুশকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ২ হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় ব্যাডমিন্টন খেলার সময় স্থানীয় আতিকের সাথে নিহতদের তর্কাতর্কি হয়। পরে কয়েকজন ছোরা ও লোহার রড় নিয়ে এসে এলোপাতাড়ি সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তারপর স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ইভিএম আমাদের তালিকায় ছিল না: পরিকল্পনামন্ত্রী





