“দেশে আর কোনো দিন খাদ্য সংকট হবে না”
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের উন্নয়নে বিশাল পরিমাণ ভর্তুকি দেয়া এবং সময়োপযোগী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলে দেশে আর কোনো দিন খাদ্য সংকট হবে না।
আজ সোমবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শিবপুরে উন্নত জাতের সরিষা ও ধান উৎপাদনকারী চাষিদের সঙ্গে মতবিনিময় ও কৃষক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, এক সময় ৭ কোটি মানুষের এ দেশে খাদ্য সংকট দেখা দিত। আজ ১৭ কোটি মানুষের কেউ না খেয়ে থাকে না। এখন খাদ্যের জন্য আমরা কারো কাছে হাত পাতি না। দেশে মঙ্গা হয় না, দুর্ভিক্ষ হয় না। বিগত ১৪ বছরে কেউ না খেয়ে থাকেনি; একজনও না খেয়ে মারা যায় নি।
ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশে ৫০ ভাগ তেল উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতে তিন বছর মেয়াদি রোডম্যাপ আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। প্রথম বছরেই এবার সারা দেশে দ্বিগুণ পরিমাণ সরিষা চাষ হয়েছে। আগামী দুই বছরের মধ্যে সরিষার আবাদ বাড়ানোর সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে হবে। যাতে করে দুই বছর পরে ভোজ্যতেল আমদানি অর্ধেকে নামিয়ে আনা যায় ও আমদানিতে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়।





