ফেব্রুয়ারির ১১-১২ তারিখের মধ্যেই প্রকাশিত হতে পারে এইচএসসি-সমমানের ফল
আগামী ফেব্রুয়ারির ১১ থেকে ১২ মধ্যে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, এইচএসসি-সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন কাজ শেষ হয়েছে। বর্তমানে ফলাফল প্রকাশের জন্য অন্যান্য কাজ শুরু করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি পরীক্ষার পরবর্তী ৬০ দিন পূর্ণ হবে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় এ ফলাফল আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রথমে ৮ থেকে ১০ ফেব্রুয়ারি এ প্রস্তাব পাঠালেও মন্ত্রণালয় থেকে সেটি ফিরিয়ে দেওয়া হয়। পরে গত বৃহস্পতিবার ১১-১২ ফেব্রুয়ারি নতুন করে প্রস্তাব পাঠানো হয়েছে। এ প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দিবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে।





