ভালো ও মেধাবীদের রাজনীতিতে আনতে হবে: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খারাপ লোকদের হাতে রাজনীতি থাকলে দেশের খারাপ হয়ে যাবে। ভালো ও মেধাবীদের রাজনীতিতে আনতে হবে। অন্যথায় চরিত্রহীন হয়ে যাবে রাজনীতি।
আজ রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি-জে,পি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নষ্ট রাজনীতিবিদরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে। রাজনীতিতে ভালো মানুষ নেই, আমরা রাজনীতিকে আকর্ষণীয় করতে পারিনি।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগে টানা তিনবার কেউ সাধারণ সম্পাদক হতে পারেননি। এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ওপরে আল্লাহ আর নিচে শেখ হাসিনার কল্যাণে।
বাংলাদেশকে বাঁচাতে হলে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করতে ও উন্নয়নকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।
রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের দূরত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের রাজনৈতিক সম্পর্কটা এমন দেশে শেখ হাসিনা একদিনে ১০০ সেতুর উদ্বোধন করেছেন, কিন্তু রাজনীতিতে আমরা কোনো সেতু নির্মাণ করতে পারিনি। এটাই হচ্ছে বাস্তবতা। রাজনৈতিক কর্মসম্পর্কটা আমাদের মধ্যে থাকা উচিত ছিল, তা না হলে গণতন্ত্র বাঁচতে পারে না। গণতন্ত্রকে বাঁচাতে হলে শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। আমাদের দেশে সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা নষ্ট রাজনীতির কাছে অনেকেই বারে বারে আত্মসমপর্ণ করি। নষ্ট রাজনীতি নষ্ট মানুষের জন্ম দেয়। নষ্ট রাজনীতিবিদ জন্ম দেয় নষ্ট রাজনীতি, নষ্ট রাজনীতিকরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে। বাংলাদেশের অবস্থা হয়েছে ঠিক তাই। এজন্য তো আমরা মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল যে বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ কি আমরা রাখতে পেরেছি? কোথায় পাব,’ প্রশ্ন রাখেন তিনি।
আরও পড়ুনঃ দেশের হেলথ সার্ভিসে অনেক সমস্যা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী





