স্বাস্থ্যখাতে সরকারের মাথাপিছু ব্যয় ৪ হাজার ৫৭৮ টাকা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট জানিয়েছে ২০২০ সালে স্বাস্থ্য খাতে সরকারের মাথাপিছু ব্যয় ৪ হাজার ৫৭৮ টাকা দাঁড়িয়েছে।
আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের (বিএনএইচএ) ষষ্ঠ রাউন্ডের চূড়ান্ত ফলাফল অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। ষষ্ঠ রাউন্ডের প্রাপ্ত ফলাফল তুলে ধরেন বিএনএইচএর সেলের ফোকাল পারসন ডা. সুব্রত পাল।
স্বাস্থ্যখাতে খরচের হিসাব পর্যালোচনায় দেখা যায়— মোট খরচের সর্বোচ্চ ৩৭ শতাংশ করা হয়েছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম তিন শতাংশ ময়মনসিংহে। যা মাথাপিছু হিসেবে স্বাস্থ্য খাতে ঢাকা বিভাগের জনপ্রতি হয়েছে ৭ হাজার ৩৯ টাকা এবং ময়মনসিংহে ২ হাজার ৬০ টাকা।
অনুষ্ঠানে জানানো হয়, পূর্বে প্রকাশিত বিএনএইচএর তথ্যানুসারে ২০১৫ সালে স্বাস্থ্য খাতে মাথাপিছু খরচ ছিল ৩৭ ডলার, যা ২০২০ সালে বেড়ে ৫৪ ডলার হয়েছে।
ডা. সুব্রত পাল জানান, সরকারি ব্যয়ের মধ্যে মোট ৯৩ শতাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বহন করে। অন্যান্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশন সম্মিলিতভাবে বাকি সাত শতাংশ খরচ বহন করে।
আরও পড়ুনঃ নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন





