সংস্কৃতি রক্ষায় মনোযোগ প্রয়োজন: তথ্যমন্ত্রী
বাঙালি জাতির স্বকীয়তা বজায় রাখতে নিজস্ব সংস্কৃতি লালন ও রক্ষায় মনোযোগী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘হুজ হু বাংলাদেশ, ২০২২ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি আজকে নানা হুমকির সম্মুখীন। কারণ দেখুন, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, আমাদের অগ্রজরা বাড়িতে কোনো বিয়ের সময় সপ্তাহ ধরে বাংলা গানের চর্চা করতো, সেগুলো গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করবে বলে। আজ সেখানে অন্য ভাষার গানের চর্চা হয়। কোনো জাতির সংস্কৃতিকে যখন ভিনদেশী সংস্কৃতি গ্রাস করে, তখন জাতির স্বকীয়তা হারিয়ে যায়, তাই এক্ষেত্রে মনোযোগ দিতে হবে।





