যশোরে সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি ছাত্রীসহ নিহত ৩
যশোর-চৌগাছা আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-চৌগাছা আঞ্চলিক সড়কে সদর উপজেলায় চুড়ামনকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার সুমি, যশোর সদরের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫০) এবং বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক মাসুম (৩৫)।
আরও পড়ুনঃ আশিতে পা রাখলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
স্থানীয়রা জানান, বিকেল সোয়া ৪টার দিকে বিএডিসির ট্রাক (যশোর-ট-১৩৯৪) চৌগাছামুখী একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মাসুম ও গৃহবধূ জোহরা বেগমের মৃত্যু হয়। এ সময় আহত জোহরা বেগমের স্বামী আমজাদ হোসেন, যবিপ্রবির শিক্ষার্থী সুমি, মোতাসিন বিল্লাহকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।





