চালের উৎপাদন বাড়াতে গবেষণায় জোর কৃষিমন্ত্রীর
চালের উৎপাদন বাড়াতে হলে গবেষণায় আরও জোর দেয়ার তাগিদ দিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, একইসঙ্গে উদ্ভাবিত জাতের দ্রুত সম্প্রসারণ করতে হবে।
শনিবার সকালে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, সামনের দিনগুলোতে চালের চাহিদা আরও বাড়বে। একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে কৃষি জমি কমছে। ভুট্টা, শাকসবজিসহ অন্যান্য ফসলেও জমির ব্যবহার বাড়ছে। বাড়িতে যেসব ফসল হতো যেমন চালকুমড়া; তাও এখন মাঠে হচ্ছে। এসবের কারণে ধান চাষের জমি কমছে।
তিনি বলেন, বর্তমান সরকার সবার জন্য পুষ্টিজাতীয় খাবারের নিশ্চয়তা দিতে কাজ করছে। বাণিজ্যিকভাবে বিভিন্ন ফল উৎপাদনেও জমির ব্যবহার বাড়ছে। এ অবস্থায় সব সংস্থা, বিজ্ঞানী ও কর্মকর্তাদের সমন্বিতভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
চালের বাম্পার উৎপাদনের পরও কেন দাম কমছে না, তার প্রকৃত কারণ খুঁজে বের করতে বস্তুনিষ্ঠ গবেষণার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী।
আরও পড়ুনঃ মিশরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত





