মানুষের সম্পদ ও ক্ষমতার লোভের সমালোচনা করলেন পোপ
ক্রিসমাস উৎসব উপলক্ষে ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংকটের কথা ইঙ্গিত করে মানুষের সম্পদ ও ক্ষমতার প্রতি সীমাহীন লোভের সমালোচনা ও নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস।
শনিবার সন্ধ্যায় ৮৬ বছর বয়সী পোপ ভ্যাটিক্যান সিটির সেইন্ট পিটার বাসিলিকায় ভাষণ দেন।
সেখানে পোপ বলেন, আমরা কতগুলো যুদ্ধ দেখেছি! দুর্বল এবং নাজুকরাই এসব যুদ্ধের প্রধান ভুক্তভোগী। আমি মনে করি, সবার আগে শিশুরাই এসব যুদ্ধের শিকার হচ্ছে। একই সঙ্গে দারিদ্র্য ও অবিচারের প্রধান ভুক্তভোগীও শিশু।
পোপ ফ্রান্সিস আরও বলেন, যেখানে পশুরা তাদের যে পরিমাণ খাদ্য দেয়া হয় তাতেই সন্তুষ্ট থাকে, সেখানে আমরা মানুষ সম্পদ এবং ক্ষমতার লোভে আমাদের প্রতিবেশী এমনকি মা-বোনকেও ছাড় দেই না।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান চালালেও পোপ সরাসরি এর সমালোচনা করেননি। তখন ইউক্রেনে পোপের এ অবস্থানকে অনেকেই সমালোচনা করেন।





