“বিএনপি মিথ্যাচারের হোতা, তাদের মুখে সত্য বেমানান”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিথ্যাচারের হোতা, তাদের মুখে সত্য বেমানান। বিএনপিকে কেউ বিশ্বাস করে না। ক্ষমতায় যাওয়ার জন্য তারা মাঠে রয়েছে, কিন্তু সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি।
আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে খাদ্য উপ-কমিটির প্রস্তুতিমূলক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের মানুষ এখনো বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এটা প্রমাণিত সত্য যে, বিএনপি সন্ত্রাস-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, শেখ হাসিনার দৃঢ়তার কারণে বাংলাদেশ আজকে সমৃদ্ধ। গণতন্ত্রের নামে হ্যাঁ/না ভোট করে বিএনপি ভোট চুরি করেছে, ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের চেতনা। যারা ধ্বংস করে তারা মেরামত করবে কী করে? এটা অত্যন্ত হাস্যকর স্ট্যান্টবাজি। তারা ক্ষমতায় এলে রূপরেখা বাস্তবায়ন হবে না, আসলে নদীতে ভেসে যাবে।
আরও পড়ুনঃ তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ১৩ বিদেশি সাংবাদিক





