জমির মালিকদের স্মার্ট কার্ড দেয়া হবে: ভূমিমন্ত্রী
জমির মালিকদের স্মার্ট কার্ড দেয়া হবে এবং বৈশাখ থেকে আর ম্যানুয়ালি ভূমি কর আর নেয়া হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, বৈশাখ থেকে সারা দেশে শুধু অনলাইনে ভূমি কর পরিশোধ করতে হবে। অনলাইন ছাড়া সরাসরি কর আদায় করতে পারবে না ভূমি অফিস। ভূমি সংক্রান্ত যে কোনো দুর্নীতি রোধে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি মালিকদের একটি আলাদা কার্ড থাকবে, যার নাম হবে সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ (ভূমি মালিকানার সনদ)। একজন ব্যক্তি কতটুকু জমি আছে, তার আদ্যপান্ত উল্লেখ থাকবে কার্ডটিতে এবং তা অটো (স্বয়ংক্রিয়ভাবে) হালনাগাদ হবে। যেমন কোনো এক ব্যক্তির ২০ কাঠা জমি আছে, সেখান থেকে পাঁচ কাঠা বিক্রি করে ফেললেও তা স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে। কার্ড দেয়ার জন্য কাজ চলছে। চলতি অর্থবছরেই কাজ শুরু হবে। একজন জমি মালিকের কি আছে না আছে, তা এতে থাকবে।
তিনি বলেন, সেসব জায়গায় এখনো লোকজনকে হয়রানি হতে হচ্ছে। কিন্তু এসবকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। অভিযোগগুলো শোনার জন্য আমরা কল সেন্টার করেছি। তা আরও হালনাগাদ করা হচ্ছে।
তিনি বলেন, কল সেন্টারে বিদেশ থেকেও ফোন করে সমস্যার সমাধান হচ্ছে। আমরা হয়রানির জায়গাটা কমিয়ে এনেছি। জমি এমন একটি বিষয়, যা সাধারণ মানুষের কাছে একটি নিত্যনৈমিত্তিক বিষয় ভিত্তিক বিষয়।
আরও পড়ুনঃ “আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়”





