গেজেটের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে ভোট: ইসি
নির্বাচন কমিশনার মো. আলমগীর বিএনপির সংসদ সদস্যদের (এমপি) পদত্যাগের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ।
আজ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বিএনপির সাত এমপির পদত্যাগ ইস্যুতে তিনি একথা জানান।
ইসি বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক ব্যাপার। কমিশনের দায়িত্ব শুধু নির্বাচন অনুষ্ঠান করা। বিএনপির দাবি থাকলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম ব্যবহার করবে কমিশন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিএনপির আস্থা ফেরাতে কাজ করবে ইসি। কোনো একটি দলের কথায় কমিশন পদত্যাগ করবে না।
এর আগে শনিবার রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় রোববার বেলা ১১টার পর জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির সাত এমপি।
স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। এছাড়া দেশের বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তারের পক্ষে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
আরও পড়ুনঃ ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা





