যাদের ঘর নেই তাদের খুঁজে খুঁজে তাদের ঘর দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন বাংলাদেশকে বদলে দেবেন৷ মাত্র ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে। যাদের ঘর নেই তাদের খুঁজে খুঁজে তাদের ঘর দেয়া হচ্ছে।
আজ রোববার বিকালে ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশ পরিচালনায় আমাদেরকে অনেকেই বাইরে থেকে ছবক দচ্ছেন ৷ অথচ তাদের নিজের দেশের খবর নেই। যেখানে শেখ হাসিনা আছেন, সেখানে কোনো পেশি শক্তি টিকবে না।
তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ও ইউক্রেন যুদ্ধের প্রভাব না পড়লে এখন বাংলাদেশের মাথাপিছু আয় হতো তিন হাজার ডলারের বেশি। গত ১৫ বছরে দেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু অনেক বেড়েছে৷ আগামী ২০৩০ সালের মধ্যে দেশে শিক্ষার হার শতভাগে পৌঁছাবে।৷
তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প হয় না। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা৷ নৌকার বিকল্প শুধুই নৌকা৷ আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের জয়যুক্ত করার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী৷





