“ভূমি আইন পাসের খবরটি গুজব”
দেশে ভূমি আইন পাস হয়েছে এবং ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এমন একটি খবর গুজব বলে দাবি করেছে ভূমি মন্ত্রণালয়।
এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘ভূমি আইন পাস হয়েছে, ১০ই জানুয়ারি থেকে কার্যকর হয়েছে’ মর্মে একটি ভুয়া খবর/গুজব সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে/ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যা ভূমি মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ পর্যালোচনার সময় নজরে আসে। এ ধরনের ভুয়া খবর/গুজব জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে, যা মোটেই কাম্য নয়।
প্রকৃত তথ্য হচ্ছে ‘ভূমি আইন’ নামে কোনো আইন জাতীয় সংসদে এখন পর্যন্ত প্রণয়ন করা হয়নি। সর্বসাধারণকে এ ধরনের ভুয়া খবর/গুজবের বিষয়ে অধিকতর সর্তক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া খবর/গুজব ইন্টারনেটে প্রচার করা বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।
হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করে, কিংবা ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ ‘ভূমিসেবা Land Service’ (www.facebook.com/land.gov.bd) থেকে কমেন্ট করে কিংবা মেসেজ (বার্তা) প্রেরণ করে ভূমি সংক্রান্ত তথ্য জানা যাবে। ভূমি সেবা গ্রহণ করা যাবে এবং ভূমিবিষয়ক অভিযোগ জানানো যাবে।
আরও পড়ুনঃ বাংলাদেশে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে বললেন বিশ্বব্যাংকের পরিচালক





