প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান
ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে খুনের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে তালেবান প্রশাসন।
এ বিষয়ে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, অভিযুক্ত ব্যক্তি ২০১৭ সালে ছুরিকাঘাতে একজনকে হত্যা করেন। ওই ঘটনায় দোষী সাব্যস্ত করে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করার সময় তালেবান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। দক্ষিণ কান্দাহার প্রদেশভিত্তিক গোষ্ঠীটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এতে অনুমোদন দিয়েছেন। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা তিনি জানাননি।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি এবং ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারের পাশাপাশি দেশটির প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী এবং ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রীসহ এক ডজনেরও বেশি তালেবানের সিনিয়র কর্মকর্তা মৃত্যুদণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন বলে মুখপাত্র জানিয়েছেন।





