পাহাড়ধসের ঝুঁকিতে ২২১ পরিবার সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে
পার্বত্য চট্টগ্রামে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ এবং যোগাযোগ পুনঃস্থাপনে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত সড়ক সচল করার কাজ চলছে।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সেনাবাহিনীর প্রকৌশল দল ভারী যন্ত্রপাতির সাহায্যে মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ পর্যন্ত ভূমিধসের ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা থেকে প্রায় ২২১টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।
এদিকে দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী কাজ করছে। বান্দরবান থেকে ১৪০ জন এবং সাজেকে আটকে থাকা প্রায় ৬০০ পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। অবশিষ্ট পর্যটকদেরও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
দুর্গত এলাকার পাহাড়ি ও বাঙালি পরিবারের মধ্যে রান্না করা খাবার, শুকনো খাদ্য, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী। আইএসপিআর জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং উদ্ধার, ত্রাণ সহায়তা ও সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের কার্যক্রম চলমান থাকবে।





