পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর
দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবার সম্মিলিত উদ্যোগেই আবর্জনামুক্ত, সুন্দর ও সুস্থ পরিবেশের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ নিশ্চিত করবে।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন পরিবেশ কেবল একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের বিষয় নয়; এটি সমাজের প্রতিটি মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত। অতীতের তুলনায় বর্তমানে রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের সড়ক, বাজার এবং জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানা ধরনের আবর্জনা ছড়িয়ে থাকার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ হেঁটে কিংবা গণপরিবহনে চলাচল করেন। বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা ও দুর্গন্ধ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করে। তাই ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে সঠিকভাবে অপসারণের অভ্যাস গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
নিজের বাসাবাড়ির পরিচ্ছন্নতার সঙ্গে বাইরের পরিবেশের তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, কেউই নিজের ঘর অগোছালো বা আবর্জনায় ভরা দেখতে চান না। তাহলে দেশের রাস্তাঘাট, পার্ক, জলাশয় ও জনসমাগমস্থল পরিষ্কার রাখার দায়িত্বও সবারই।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেক পুকুর ও জলাশয়ের আশপাশে আবর্জনার স্তূপ দেখা যায়, যেখানে একসময় মানুষ পরিবার নিয়ে সময় কাটাত। এসব দৃশ্য বদলাতে হলে নাগরিকদের আচরণে পরিবর্তন আনতে হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করলেও মানুষ সচেতন না হলে সেই পরিবেশ দীর্ঘসময় ধরে রাখা সম্ভব হয় না। তাই প্রত্যেকে নিজের ব্যবহৃত ময়লা নির্ধারিত স্থানে ফেললে ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
দেশ গঠনে সবার অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশ সবার, তাই সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই। একই সঙ্গে এ উদ্যোগে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।





