চুরি করতে গিয়ে ৯৯৯ নম্বরে সহায়তা চাইলেন চোর!
একটি মুদি দোকানে চুরি করতে ঢুকেছিলেন ইয়াসিন। মালপত্র গুছিয়ে ব্যাগভর্তি করতে করতে সকাল হয়ে গিয়েছিল। এতে ওই দোকানেই অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার থানায় নিয়ে আসে।
বুধবার বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
আটক মো. ইয়াছিন খাঁ (৪১) ঝালকাঠির নলছিটি উপজেলার ছিলারিশ গ্রামের বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি বুধবার সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বলেন, তিনি খুব বিপদে পড়ছেন। তাকে যেন দ্রুত পুলিশ এসে উদ্ধার করে। পরে তাকে কনফারেন্সে রেখে ৯৯৯ থেকে বন্দর থানার ডিউটি কর্মকর্তাকে জানানো হয়। এ সময় তাকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেন। পুলিশ সদস্যরা গিয়ে দোকানের ভেতর থেকে তাকে উদ্ধার করেন। ওই উদ্ধারের সময় দোকানের দামি মালামাল ব্যাগে ভর্তি করা ছিল।





