“চীন সফরে গিয়ে শূন্য হাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৫ জন সফরসঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন। চীনের কাছে ২০ বিলিয়ন ডলার চেয়েছিলেন। ১ বিলিয়ন ইউয়ানের আশ্বাস পেয়েছেন। ২০ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন।
আজ শনিবার ওলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। নয়াপল্টনের ভাসানী ভবনে ওলামা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, জুলাই মাস হলো আমাদের আমের মৌসুম। আর দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে। আজিজ, বেনজীর, মতিউর, আবেদ আলীদের নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে। কিন্তু এখনো রাঘব বোয়ালদের নাম আসেনি। সরকারের মধ্যে এখনো হাজারো আজিজ-বেনজীর রয়ে গেছে।
রিজভী বলেন, যে দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতার পর, তার সন্তান নাকি এখন মুক্তিযোদ্ধা! এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি দিতেই আবার কোটা বহাল করেছে সরকার। শুধু ছাত্রলীগকে চাকরি দিতেই তা করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এখানে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আলেম ওলামারা নেতৃত্বে রয়েছেন। আলেম ওলামাদের বাদ দিয়ে কোনো ইতিহাস রচনা করা যাবে না। কিন্তু এই বর্তমান ডামি নির্বাচনের সরকার আলেম ওলামাদেরও নিপীড়ন থেকে রেহাই দিচ্ছে না। মসজিদের ইমামরাও বাদ যায়নি। বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে কেউ মোনাজাত করলে তাকেও গ্রেফতার করা হচ্ছে।





