চিকিৎসাখাতে অগ্রগতির কারণে গড় আয়ু বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
সরকার চিকিৎসা খাতে কাজ করছে, তাই মানুষের গড় আয়ু বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিসের (ওসেক) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মানুষের গড় আয়ু বেড়েছে। মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর হয়েছে। এটা জাদু না, কাজ করার ফলেই হয়েছে।
দেশের সব জেলা হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালু করা হবে। এরই মধ্যে পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে এটি চালু করা হয়েছে। বাকি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে শিগগির চালু করা হবে।
তিনি বলেন, একটি হাসপাতালে সেবার মান নিশ্চিতের জন্য ওসেক খুবই জরুরি। যা এরই মধ্যে দেশের চারটি বড় হাসপাতালে খোলা হয়েছে। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।





