ক্লাস ভরা ছাত্রী দেখে অজ্ঞান ছাত্র
পরীক্ষার হলে ঢুকে ৫০ জন ছাত্রী দেখে হাত-পা কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায় এক ছাত্র।
বিহারের শরিফ আল্লামা ইকবাল কলেজে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, দ্বাদশ শ্রেণির পরীক্ষার সিট পড়েছিল তাদের কলেজে। পরীক্ষা হলে সময় মতোই পৌঁছেছিল ওই ছাত্র। কিন্তু ক্লাসরুমে ঢোকার পর থেকেই সে অদ্ভুত আচরণ করছিল। দেখে মনে হচ্ছিল তার দুশ্চিন্তা হচ্ছে।
জানা গেছে, পরীক্ষার জন্য ওই ছাত্র দুশ্চিন্তা করছে ভেবে প্রথমে শিক্ষকরা ব্যাপারটা আমলে নেননি। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর দেখা যায়, ছেলেটি হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যায়।
এরপর সবাই ধরাধরি করে তুলে চোখমুখে পানির ছিটা দিতেই ধীরে ধীরে জ্ঞান ফেরে ওই ছাত্রের। কিন্তু তার পুরো শরীর তখন গরম, জ্বরে কাঁপতে শুরু করে সে। অস্ফুটে জানায়, একসঙ্গে এত মেয়ে দেখেই ঘাবড়ে গিয়েছিল সে। ৫০ জনের মাঝে একা বসতে হয়েছে বলেই ‘দুশ্চিন্তায়’ জ্বর এসে গেছে তার।
আরও পড়ুনঃ আন্দোলন সংগ্রাম করে কেউ কিছু করতে পারবে না : প্রধানমন্ত্রী





