কাঠমান্ডুতে আটকে ৫০০ বাংলাদেশি: বিমানযাত্রীদের জন্য জরুরি হটলাইন চালু
নেপালের কাঠমান্ডুতে প্রায় ৫০০ বাংলাদেশি বিমানযাত্রী আটকে পড়েছেন। বাংলাদেশ মিশনের হটলাইনে এরই মধ্যে ৩৫০ জনের বেশি যাত্রীর ফোন কল এসেছে, যাদের অধিকাংশই ফ্লাইট বিলম্ব, সময়সূচি ও তথ্য জানতে চেয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর, ২০২৫) রাতে কাঠমান্ডুর বাংলাদেশ মিশনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি জানান, আটকে পড়া যাত্রীদের সুবিধার জন্য কাঠমান্ডু-ঢাকা রুটে বিমানের ফ্লাইট সংক্রান্ত তথ্য ও হালনাগাদ জানতে কয়েকটি জরুরি নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। নম্বরগুলো হলো: কাঠমান্ডু অফিস কান্ট্রি ম্যানেজার (+৯৭৭৯৮৫১০৩৭৫১০), স্টেশন ম্যানেজার (+৯৭৭৯৮৫১০২৬১৫৯) এবং সেলস (+৯৭৭৯৮৪৭৯১৮৪০২)।
আবুল কালাম আরও জানান, প্রায় ১০০ বাংলাদেশি কর্মকর্তা ও ফুটবল খেলোয়াড় সরকারি কাজে কাঠমান্ডু সফরে গিয়ে আটকে পড়েছেন। তবে, ব্যক্তিগত বা পর্যটন উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই ফ্লাইট পুনরায় চালু হবে এবং বিমান নতুন সময়সূচি ঘোষণা করবে।





