“ইইউ পর্যবেক্ষক না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতায়ও কোনো প্রভাব পড়বে না”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতায়ও কোনো প্রভাব পড়বে না। অতীতের নির্বাচনগুলো তাই বলে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটা কথা বলি আপনাদের, গত নভেম্বরে বাংলাদেশ-ইইউ সম্পর্কের ৫০ বছরের মাথায় এসে প্রথম রাজনৈতিক আলোচনা হয়েছিল পদ্মায়। এনরিকে মোরা আপনাদের প্রশ্নোত্তর দিয়েছেন, ব্রিফ করেছেন। তখনকার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কিছু অংশ, বিএনপির কিছু অপপ্রচার মিলিয়ে আপনারা আশঙ্কা করেছিলেন, সেই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন নেতিবাচক কিছু বলেছে।
শাহরিয়ার আলম বলেন, টানা গত কয়েক বছর ধরেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়েছে। এনরিকে মোরার সঙ্গে সেই সংলাপ হওয়ার পর গত মার্চে আমরা ইউরোপীয় ইউনিয়নে গিয়েছি। তাদের পাঁচটি বিভাগের ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে। ফিরতি সফরে, আমরা দুয়েকজনের সঙ্গে আলাপ করেছিলাম, এরমধ্যে দুয়েকজন এসে ঘুরে গেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা দেখেছেন, সার্বিক অর্থে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। এরসঙ্গে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোকে অতি সরলীকরণ করে কোনো সিদ্ধান্তে আসার সুযোগ নেই। ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব চ্যালেঞ্জ আছে।
আরও পড়ুনঃ ক্যান্সার চিকিৎসার পর জীবনধারায় এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো করুন





