৬ জেলার নির্বাচনী জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা
শনিবার আরও ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৬টি জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন। তিনি পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
ওই কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
এর আগে বৃহস্পতিবার শেখ হাসিনা ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন। তিনি পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।





