“৪১ শতাংশ ভাতা সঠিক ব্যক্তির কাছে যাচ্ছে না”
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ইউনেসেফ আমাদের কাছে স্টাডি পাঠিয়েছে ৪১ শতাংশ ভাতা সঠিক ব্যক্তির কাছে যাচ্ছে না। এটা তো বিশাল সংখ্যা, এটাতো ফেলে রাখতে পারি না।
আজ রোববার সচিবালয়ে অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা।
এক কোটি ২০ লাখ মানুষ সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন। গত কয়েক মাস ধরে ভাতা বন্ধ আছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর একটি কিস্তি টাকা দেওয়া হয়েছে। নগদের বিষয়ে অনেক সমালোচনা রয়েছে, এটা আমরা পরিবীক্ষণের মধ্যে রাখছি।’
ভাতাভোগীদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এখানে ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। জলদি করে শুধু দিয়ে দিলে হবে না। আমি কেমন করে দিচ্ছি, কি সিস্টেমে দিচ্ছি, যাকে দেওয়া হচ্ছে, সে পাচ্ছে কি না? এ তিনটি প্রশ্নের জবাব আমার কাছে একেবারে পরিষ্কার হতে হবে। নতুন এমআইএস সিস্টেমের মাধ্যমে আমরা এ ভাতাগুলো দেবো।’
আরও পড়ুনঃ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান





