১৯৩৭ সালে বিখ্যাত আলোকচিত্রী ফেলে এসেছিলেন ক্যামেরাটি
কানাডার পর্বতশৃঙ্গ মাউন্ট লুসানিয়ায় বরফের মধ্য পাওয়া ক্যামেরাটি ৮৫ বছর আগে ১৯৩৭ সালে পর্বতারোহী ব্র্যাডফোর্ড ওয়াশবার্ন সেখানে ফেলে এসেছিলেন। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত আলোকচিত্রী ও মানচিত্রকর ওয়াশবার্ন ম্যাসাচুসেটসের বোস্টন সায়েন্স মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ও পরিচালক। ২০০৭ সালে ৯৬ বছর বয়সে মারা যান ওয়াশবার্ন।
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, ১৯৩৭ সালে ওয়াশবার্ন প্রথম কানাডার তৃতীয় বৃহত্তম ওই পর্বতশৃঙ্গে (৫,২২৬ মিটার) আরোহণের চেষ্টা করছিলেন। কিন্তু চূড়া পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। খারাপ আবহাওয়ার কারণে জিনিসপত্র ফেলে আসতে বাধ্য হন। সেসব জিনিসের সঙ্গে ওই ক্যামেরাটিও ছিল।
এরপর ৮৫ বছর ধরে ওয়াশবার্নের ওই সব সরঞ্জাম লোকচক্ষুর আড়ালে ছিল, কোনো পর্বতারোহী সন্ধান পাননি।
সম্প্রতি পর্বতারোহী গ্রিফিন পোস্টের নেতৃত্বে সাত সদস্যের একটি অভিযাত্রী দল মাউন্ট লুসানিয়া হিমবাহে অভিযান চালিয়েছিল। সেখানেই ৬ দিন ধরে অনুসন্ধানের পরে ক্লুয়ান ন্যাশনাল পার্কের কাছে ওয়ালশ হিমবাহ থেকে উদ্ধার করে ক্যামেরাটি।
উদ্ধারের পর ক্যামেরাটি সংরক্ষণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।





