“স্বৈরাচারের প্রেতাত্মারা ষড়যন্ত্রের বীজ বপনের চেষ্টা করছে”
গণঅভ্যুত্থানে বাধ্য হয়ে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর দেশে এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল মাঠে বিএনপি’র স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক স্মরণসভায় ‘ভার্চূয়াল প্লাটফর্মে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
স্বৈরাচারের মাথা পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা সমাজে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও রয়ে গেছে। এ সব স্থানে থেকে তারা তাদের ষড়যন্ত্রের বীজ বপনের চেষ্টা করছে বলে জানান তিনি।
‘দেশের এই ক্রান্তিকালে তরিকুল ইসলামের মতো আদর্শবান ও নির্লোভ রাজনৈতিক ব্যাক্তিত্বের অভাব অনুভব করছি’ উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তাঁর (তরিকুল ইসলাম) মতো সাংগঠনিক দক্ষতা-সম্পন্ন রাজনীতিক বেঁচে থাকলে আমরা আরও গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারতাম, যা দেশ ও দলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারত।





