জাতীয় ফিচার

“সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ”

যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের বৈদেশিক নীতির মূল চালিকাশক্তি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়। প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নই আমাদের লক্ষ্য। কিন্তু যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ হতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা যেন করা যায়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আজকাল যুদ্ধটা ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে। কাজেই সেদিকে লক্ষ্য রেখে, সব ধরনের আধুনিক জ্ঞানসম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, সেটাই আমাদের কাম্য।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী বিশেষ অবদান রেখে যাচ্ছে। অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করতে হয়। আমি চাই, আমাদের ছেলেমেয়েরা কখনো পিছিয়ে থাকবে না। সব রকম আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী সারাবিশ্বে মর্যাদা নিয়ে চলবে। পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং অনুশীলন-প্রশিক্ষণ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।

শেখ হাসিনা বলেন, যেকোনো দেশের সশস্ত্র বাহিনী তখনই যুদ্ধে জয়ী হতে পারে, যখন তাদের ওপর জনগণের আস্থা-বিশ্বাস থাকে। পাকিস্তান হানাদার বাহিনীর ৯৬ হাজার সৈন্য আত্মসমর্পণ করেছিলো আমাদের কাছে, কারণ জনসমর্থন তাদের ছিলো না। কাজেই জনগণের আস্থা-বিশ্বাস বিরাট বিষয় আমাদের জন্য। আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। সকলের সঙ্গে বন্ধুত্ব চাই। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আমাদের দেশ স্বাধীন-সার্বভৌম দেশ। যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব কেউ ক্ষুণ্ন করুক, তা আমরা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই। তবে আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয়, সেটা আমাদের ‘জান’ কবুল হয়, আমরা তা করবো। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত।

ফিলিস্তিনে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। আমরা সবসময় ফিলিস্তিনিদের পাশে আছি, থাকবো। সহায়তা অব্যাহত থাকবে, পাশাপাশি আন্তর্জাতিকভাবেও গণহত্যার প্রতিবাদ করে যাবো বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন শেষে কমপ্লেক্সে আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন। ছবিটি ভিডিও থেকে নেয়া

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে হতে হবে তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ও স্মার্ট।

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল ও অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের সমন্বয়ে তাদের গৌরব সমুন্নত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন শেষে কমপ্লেক্সে আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র