সামরিক ঘাঁটিতেই কেন ট্রাম্প-পুতিন বৈঠক?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ সামরিক ঘাঁটিতে।
স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায়) এই বৈঠক শুরু হয়।
‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সম্ভাব্য হামলা মোকাবিলায় এটি আকাশ প্রতিরক্ষাকেন্দ্র ও কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল।
হোয়াইট হাউস জানিয়েছে, দুই শীর্ষ নেতার বৈঠকের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত পূরণের কারণে এই ঘাঁটিকে বেছে নেওয়া হয়েছে।
ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ২০১৯ সালে এই ঘাঁটি পরিদর্শন করেছিলেন। তখন তিনি বলেছিলেন, এখানকার সেনারা ‘আমাদের দেশের শেষ সীমানায় আমেরিকার প্রতিরক্ষার অগ্রভাগে’ দায়িত্ব পালন করছে।
৬৪ হাজার একর জুড়ে বিস্তৃত এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আর্কটিক অঞ্চলে কার্যক্রম পরিচালনার প্রস্তুতির একটি প্রধান কেন্দ্র।
১৯৫৭ সালে এটি সবচেয়ে সক্রিয় ছিল, যখন এখানে ২০০টি যুদ্ধবিমান, একাধিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র এবং সতর্কীকরণের জন্য রাডার সিস্টেম মোতায়েন ছিল।





