সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয় নাগরিকের মৃত্যু
সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ভারতীয় দুই নাগরিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে।
আজ শনিবার সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় চালককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসীম কুমার বিশ্বাস খুলনা-মংলা রোড রেল লাইন প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার (সিভিল/ট্রাক) হিসাবে কর্মরত ছিলেন। ভারতীয় রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে ইরকোন ইন্টারন্যাশনাল লিমিটেডের একজন স্টাফ তিনি। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির করিমপুর এলাকায়। এছাড়া আহত প্রাইভেটকার চালক খুলনার খানজাহান আলী থানা এলাকার সজিব (৩৫)।
আরও পড়ুনঃ ২৭ নভেম্বর মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাপা





