“সরকারি পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেট চলছে”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেট চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের হাহাকার আড়াল করতে কথার ধূম্রজাল সৃষ্টি করছে ওবায়দুল কাদের।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার মনস্তুষ্টির জন্য সত্যাসত্য বিবেচনায় না এনে, অনুসন্ধানী সাংবাদিকতা না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা যেন রীতিতে পরিণত হয়েছে।
বিএনপির এ নেতা বলেন, এ দেশের স্বাধীন সাংবাদিকতাকে মুছে দিতে শেখ হাসিনার ক্রুদ্ধ হুংকারে ভয়ের যে বাতাবরণ তৈরি হয়েছে, তাতে মনে হয় কিছু গণমাধ্যমের চৈতন্য লোপ পেয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দেশ ও দেশের জনগণকে মহাসংকটে ফেলে বিএনপিকে নিশ্চিহ্ন করার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে। আর তাই বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে, উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে জীবন বিপন্ন করার পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত কুৎসা রটিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।





