“সময়মতো বৃষ্টি না হওয়ায় এবার ইলিশে ডিম কম এসেছে”
সময়মতো বৃষ্টি না হওয়ায় এবার ইলিশে ডিম কম এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে ২য় জলবায়ু ন্যায্যতা সমাবেশে গেস্ট অব অনারের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের কৃষি, খাদ্য এবং জীবন-জীবিকাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। আমরা দেখেছি এবার ইলিশ মাছের ডিম কম এসেছে। এর পেছনে কারণ হিসেবে দেখা গেছে সময়মতো বৃষ্টি না হওয়া। নদীগুলো ভরাট-দখল হয়ে যাওয়ার ফলে মাছের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। হাওরের ভেতর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। প্রয়োজনে এই রাস্তাগুলো আমাদের ভাঙতে হবে।





