“সব কিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহা উৎসবে লোডশেডিং সর্বনিম্ন হবে”
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ঈদুল ফিতরে আমরা একক মন্ত্রণালয় হিসেবে কাজ করার পরিবর্তে একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করেছি। সব কিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহা উৎসবে লোডশেডিং সর্বনিম্ন হবে।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে ঝামেলামুক্ত ঈদ উপহার দেয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে গত রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা এবং ইফতার ও সেহরির সময় লোডশেডিং না হওয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর ঈদযাত্রাও যানজটের চিরচেনা রূপ দেখা যায়নি। এবার কোরবানির ঈদেও সেই ধারা অব্যাহত রাখতে চায় সরকার।
এদিন আগামী ঈদের জন্য প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন উপদেষ্টা ফাওজুল। তিনি বলেন, ঈদুল ফিতরে আমরা একক মন্ত্রণালয় হিসেবে কাজ করার পরিবর্তে একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করেছি। সব কিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহা উৎসবে লোডশেডিং সর্বনিম্ন হবে। পরিবহন যানজট থাকবে না। ইনশাআল্লাহ, ঈদুল আজহাও লজিস্টিকভাবে একটি মসৃণ যাত্রা হবে।





