“সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে”
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সকল নির্বাচন এই সংবিধান অনুযায়ী হয়ে আসছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ীই হবে।
শুক্রবার বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর পাবলিক হলে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সকল নির্বাচন এই সংবিধান অনুযায়ী হয়ে আসছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ীই হবে।
আনিসুল হক বলেন, আমি আজ যে অনুষ্ঠানে এসেছি সেই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে তিনি বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন। সেই পরিবারের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। আমরা একই পেশায়। আমাদের পরিবারের সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এ বইটিতেও সেই মুক্তিযুদ্ধ নিয়ে গল্প রয়েছে। আর এ অনুষ্ঠানে আসতে পেরে আমারও ভালো লাগছে। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর ডাকে। কারও রেডিও ব্রডকাস্টিংয়ে হয়নি।
মন্ত্রী বলেন, কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে মানুষের কাছে সঠিক ইতিহাস তুলে ধরেছেন। যা এখনও অব্যাহত রয়েছে। আজকের এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে, এটি থেকেও নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানবে।





