সংবিধানের বাইরে সরকার চাইলেও কিছু করতে পারবে না: কৃষিমন্ত্রী
বিএনপির ১০ দফা দাবি প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, তাদের এমন দাবি বহু পুরাতন। তারা ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। দেশ চলবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে সরকার চাইলেও কিছু করতে পারবে না।
আজ রোববার সন্ধ্যায় টাঙ্গাইল হানাদারমুক্ত দিবসের আলোচনা সভায় যোগদানের আগে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সংসদে বিরোধী দল থাকে, থাকা দরকার। কিন্তু এখানে তারা না থাকলে কিছুই করার নেই। সুতরাং তারা সংসদে থাকলো কি না থাকলো তাতে কিছু যায় আসে না।
আব্দুর রাজ্জাক বলেন, ওই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশের তেমন কোনো ক্ষতি হবে না, মানুষেরও কোনো ক্ষতি হবে না।
আরও পড়ুনঃ ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা





