“রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানো না গেলে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব তৈরি হতে পারে”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার থেকে বিতাড়িত এসব রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা আগে থেকেই বলে আসছিলাম, এদের দ্রুত সময়ের মধ্যে মিয়ানমারে ফেরত পাঠানো না গেলে এখানে অস্থিরতা তৈরি হতে পারে, আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব তৈরি হতে পারে, অস্ত্রের ঝনঝনানি হতে পারে। এই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি।
শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে যারা যুদ্ধ করছে তাদের কয়েকজনের আনাগোনা এখানে দেখা যাচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে আমাদের দেশ কোনো মাদক উৎপাদন করে না। কিন্তু অনেক আগে থেকেই মিয়ানমারের মাদক এদেশে আসে। এখন ক্যাম্পের কিছু লোকও মাদকের ব্যবসায় জড়িয়ে গেছে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। একই সঙ্গে অস্ত্র ও খুনে জড়িতদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়াই আমাদের মূল কাজ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের কথা ও কাজে মিল নেই। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ বাংলাদেশও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে তৎপরতা চালাচ্ছে। কিন্তু সমস্যা হলো, মিয়ানমার একটি অস্থিতিশীল দেশ। সেখানে যুদ্ধ লেগেই আছে। বিভিন্ন সময় মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নানা চুক্তি বা সমঝোতায় স্বাক্ষর হলেও তা মিয়ানমারের কারণে অগ্রগতি হয়নি।’
তবে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে এমন প্রত্যাশাও করেন মন্ত্রী। পরে টেকনাফে যান স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুনঃ রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানালেন জাতিসংঘ মহাসচিব





