“রেল করিডোর সমঝোতা চুক্তি বাংলাদেশকে ভারতের পরনির্ভরশীল করার ষড়যন্ত্রের অংশ”
রেল করিডোর সমঝোতা চুক্তি বাংলাদেশকে ভারতের পরনির্ভরশীল করার ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বিকেলে নবগঠিত আইনজীবী ফোরামের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ভারতীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে দাবি করে ফখরুল বলেন, ‘দেশ নিয়ে বিএনপি নয়, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কি পেয়েছে?
তিনি বলেন, সমঝোতা চুক্তিগুলোতে পরিষ্কার বলা আছে যে কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে। সমঝোতারগুলোর অর্থই হচ্ছে অতি অল্প সময়ে আমাদের ভারতের ওপর নির্ভরশীল করবে, যেটা প্রমাণিত। সবচেয়ে মারাত্মক হচ্ছে, রেললাইন নির্মাণ। এটি বাংলাদেশের মানুষের কোনো কাজে আসবে না।
বিএনপি মহাসচিব বলেন, আকাশ ও নৌপথে পার্টনারশিপ দেওয়া হয়েছে। এটাতে কোনো আপত্তি নেই। আপত্তি হলো বাংলাদেশের মানুষ কী পেলো? আমরা তো কিছুই পাইনি। সাধারণ তিস্তা নদীর পানি আমরা পাইনি। অভিন্ন নদীর পানির হিসসা আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।
বিএনপির মহাসচিব বলেন, ‘করিডোর সমঝোতায় বাংলাদেশ কোনো সুবিধাই পাবে না। সব সুবিধাই ভারতকে দেয়া হয়েছে। ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক বহনের বিষয়টি সমঝোতা চুক্তিতেই রয়েছে। জনগণকে বোকা বানাচ্ছে সরকার।’
আরও পড়ুনঃ ৩০ জুন শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা





