“রূপপুরের বিদ্যুতের দাম কয়লা ও তেলভিত্তিক কেন্দ্রের বিদ্যুতের দামের চেয়ে কম”
ধীরে ধীরে তেলনির্ভর কেন্দ্র থেকে দেশ সরে আসবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, রূপপুরের বিদ্যুতের দাম কয়লা ও তেলভিত্তিক কেন্দ্রের বিদ্যুতের দামের চেয়ে কম হবে।
সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে একথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এখানে উৎপাদিত বিদ্যুতের দাম কেমন হবে, তা আমরা আগামী বছরের মধ্যে নির্ধারণ করে ফেলব। আমরা এরইমধ্যে খসড়া তৈরি করেছি। এ মুহূর্তে আমাদের হিসাব বলছে যে, এর প্রতি ইউনিট ৫ থেকে ৬ টাকার মধ্যে থাকবে। দাম যদি এর মধ্যেই থাকে, তাহলে তো সেটি আমাদের জন্য বেশ ভালো। আমরা যদি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে কয়লার দামের ওপর ভিত্তি করে বিদ্যুতের দাম ওঠা-নামা করবে। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেরও একই অবস্থা। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও তাই। সেক্ষেত্রে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা হচ্ছে, এর দাম স্থির থাকে। আগামী ৬০ বছর আমরা একই রকম দাম পাব। পাশাপাশি ভালো মানের বিদ্যুৎও পাব।’
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আগামী বছরই ১ হাজার মেগাওয়াটের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া আগামী তিন বছরের মাথায় বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে। আমাদের হয়তো ৮ থেকে ১০ শতাংশ তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চলবে। কারণ সেগুলো আমাদের প্রয়োজন। তাছাড়া অতিরিক্তগুলোর মধ্যে সবই আগামী ৩ বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুনঃ ভিক্ষা ছেড়ে সম্মানের পেশায় ফিরে আসছে হাজারো ভিক্ষুক: খাদ্যমন্ত্রী





