রাশিয়ার পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্ত; ৪৯ আরোহীর কেউই বেঁচে নেই
রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, যাতে ৪৯ জন আরোহী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কেউই বেঁচে নেই। সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের এই বিমানটি চীন সীমান্তের কাছে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় ৫০ বছর বয়সী সোভিয়েত আমলের এই বিমানটি খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হতে পারে। উদ্ধারকারী হেলিকপ্টারের মাধ্যমে বিমানের ধ্বংসাবশেষ একটি বনের মধ্যে পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধ্বংসাবশেষের দৃশ্য দেখা গেছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরোহীর সংখ্যা প্রায় ৪০ জন। উদ্ধার অভিযানে প্রয়োজনীয় সব বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে বলে গভর্নর টেলিগ্রামে জানিয়েছেন।





