মোহাম্মদ সাহাবুদ্দিনই হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জমা পড়েছে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নাম। যার ফলে মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হওয়ার পথে এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা।
মনোনয়ন প্রত্যাহারের দিনই আসলে তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলেই তিনি হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।
ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়ন চূড়ান্ত করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে তাকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে যায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি টিম। সেখানে মনোনয়ন ফরম তোলা ও জমাদানের প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফলে সবকিছু ঠিক থাকলে প্রক্রিয়া অনুসরণ করে দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের উত্তরসূরি হবেন।
তার জন্ম ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ায়। তার বাবা মরহুম শরফুদ্দীন আনসারী এবং মা মোসাম্মৎ খায়রুন্নেছা।
মোহাম্মদ সাহাবুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষাজীবন শেষ করেন। ছাত্রাবস্থায় ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলা ছাত্রপরিষদের পাবনা জেলার নেতা হিসেবে পাবনায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারীদের অন্যতম মোহাম্মদ সাহাবুদ্দিন। পাবনা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন তিনি। এরপর ১৯৭১ সালে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।
১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। ১৯৯৫ সালে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। কর্মজীবনে তিনি সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও জেলা জজ হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। শহীদ বুলবুল কলেজের অধ্যাপকও ছিলেন তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন। বর্ণাঢ্য জীবনের অধিকারী সাহাবুদ্দিন একাধারে আইনজীবী, অধ্যাপক, সাংবাদিক ও বিচারক ছিলেন। দায়িত্ব পালন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদেও।
আরও পড়ুন: মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্ধকতাগুলি দূর করতে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী






অবসরের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যেসব সুবিধা পাবেন - tathyasangjog
February 12, 2023[…] আরও পড়ুন : মোহাম্মদ সাহাবুদ্দিনই হচ্ছেন দেশের ২… […]