মিয়ানমার সীমান্ত রক্ষীদের গুলিতে বাংলাদেশি আহত
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্ত রক্ষী পুলিশের (বিজিপি) গুলিতে মোহাম্মদ কাসেম (৩৮) নামের এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ গোলাচর নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাসেম টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মৃত মনো মিয়ার ছেলে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ কাসেমকে (৩৮) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে খবর পেয়েছি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ পৌর সভার কাউন্সিলর দিল মোহাম্মদ বলেন, স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম মাছ ধরার নৌকা নিয়ে সকালে নাফ নদীতে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে বিকেলে ফেরত আসার সময় বিজিপির একটি দল হঠাৎ করে বাংলাদেশের জলসীমায় ঢুকে গুলি ছোড়ে। এই সময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ জেলেকে নিয়ে মাঝিমাল্লারা টেকনাফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।





