ভোট দানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানাল রাশিয়া
বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি উত্থাপিত প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।
এই প্রস্তাবে জাতিসংঘ অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানায়। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ কোন পক্ষে অবস্থান নেয়নি। এ কারণে এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার রাশিয়া দূতাবাস।
জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। ইউক্রেন, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রায় সব পশ্চিমা দেশই অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সাতটি দেশ রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি ইরিত্রিয়া ও নিকারাগুয়া। প্রস্তাবটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ ভোটদানে বিরত ছিল ৩২টি দেশ।





