ভারতে সাবেক মুখ্যমন্ত্রীর রোড শোতে পদদলিত হয়ে নিহত ৮
ভারতের অন্ধ্রপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর রোড শোতে পদদলিত হয়ে অন্তত আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বুধবার রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান নায়ডু, বর্তমান মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে নানা জনবিরোধী কাজের অভিযোগ তুলে রাজ্য জুড়ে ‘রোড শো’ শুরু করেন। বুধবার এই কর্মসূচিতে এমন দুর্ঘটনা ঘটে। নেল্লোর জেলার এক সরু রাস্তায় রোড শো দেখার জন্য বহু মানুষের সমাগম ঘটে। এসময় টিডিপি কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এরই জেরে পদপিষ্ট হন অনেকে। এতেই আটজনের মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, পদপিষ্টের ঘটনায় অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।





