ভারতে বিষাক্ত সাপ ছেড়ে স্ত্রী-সন্তানকে হত্যা
দাম্পত্য কলহে অতিষ্ঠ হয়ে ঘরে বিষাক্ত সাপ ছেড়ে স্ত্রী ও দুই বছরের শিশু সন্তানকে হত্যা করেছেন ভারতের ওড়িশা রাজ্যের এক ব্যক্তি।
শুক্রবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় দেড় মাস আগে ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্যনগর থানার আধেগাঁও গ্রামে ঘরে সাপ ছেড়ে দিয়ে স্ত্রী-সন্তানকে হত্যার এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় দায়ী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যক্তি এই কাজ করেছেন, তার নাম কে গণেশ পাত্র। ২০২০ সালে কে বাসন্তী পাত্রকে (২৩) বিয়ে করেন তিনি। তাদের সংসারে দেবস্মিতা নামে দুই বছরের একটি মেয়ে ছিল। সংসার শুরুর প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও, কিছু দিন পর থেকেই গণেশ-বাসন্তীর সংসারে অশান্তি শুরু হয়।
জানা গেছে, গত ৬ অক্টোবর গণেশ প্লাস্টিকের বয়ামের ভেতরে করে একটি কোবরা সাপ বাড়িতে নিয়ে আসেন। সে সময় তার স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে ছিল। সেই সুযোগে গণেশ সাপটি ঘরে ছেড়ে দেয়। পরের দিন সকালে দুজনকেই সাপের কামড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় গণেশ অন্য ঘরে ঘুমাচ্ছিলেন।
আরও পড়ুনঃ ২৭ নভেম্বর মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাপা





