ভারতে প্রথম ফাস্টফুড রেস্তোরাঁ চালু করেন তিনি
ভারতকে ফাস্টফুডের সঙ্গে পরিচয় করিয়ে দেন দীপক নিরুলা
ফাস্টফুড জায়ান্ট ম্যাকডোনাল্ড’স বা কেএফসির নাম সর্বপরিচিত। আর ভারতে জনপ্রিয় এই সব খাবারকে পরিচিত করিয়ে দেন দীপক নিরুলা। গত ৪ অক্টোবর মারা গেছেন তিনি।
১৯৭০ থেকে পরের দশকে দেশটির রাজধানী দিল্লিতে বেড়ে উঠেছেন এমন কেউ নেই, যিনি নিরুলা’সের সঙ্গে পরিচিত নন। তিনিই ভারতে প্রথম ফাস্টফুড রেস্তোরাঁ চালু করেন।
মৃত্যুর পর টের পাওয়া গেলো তার জনপ্রিয়তা। রেস্তোরাঁর চেয়েও যেন বেশি কিছু নিরুলা’স। এ যেন আবেগের নাম। তার মৃত্যুর দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন, সঙ্গে জুড়ে দিয়েছিলেন স্মৃতি।
গল্পের শুরু ১৯৪২ সালে। দুই ভাই লক্ষ্মী চাঁদ নিরুলা ও মদন নিরুলা ভাড়া করা কক্ষে উপমহাদেশীয় ও ভারতীয় খাবারের একটি রেস্তোরাঁ খোলেন। নাম দেন নিরুলা’স কর্নার হাউস।
সঙ্গে যোগ করেন ফরাসি স্টাইলের ক্যারাবেটস, দক্ষিণ স্পেনীয় ফ্লামেনকো নাচ ও জাদু প্রদর্শনী। আর অভিনব এই প্রচারণায় রাতারাতি বিখ্যাত হয়ে উঠে রেস্তোরাঁটি।
১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর রেস্তোরাঁ সংস্কৃতি পাল্টে যাওয়ায় নিরুলা’স কর্নারে ক্রেতার আনাগোনা কমে যায়। তখন দুই ভাই রেস্তোরাঁটি বন্ধ করে নতুন তিনটি আউটলেট চালু করেন- ১৫০ সিটের আধুনিক ক্যাফে, ফরাসি স্টাইলের রেস্তোরাঁ ও ভারতের প্রথম চাইনিজ রেস্তোরাঁ।
উদ্যোগগুলো অর্ধশতক ধরে সফলভাবে চলে। পরবর্তী বছরগুলোতে নিরুলা পরিবার বেশ কয়েকটি বিশেষ বিশেষ রেস্তোরাঁ চালু করে, যা ভারতীয় মধ্যবিত্তের নাগালের মধ্যে পিৎজা, বার্গার, কোমল পানীয় ও আইসক্রিমের নতুন স্বাদ নিয়ে আসে।
দীপকের ভাই ললিত নিরুলা আবেগজড়িত সেই স্মৃতি স্মরণ করে লিখেছেন, সেই সময়ে রেস্তোরাঁগুলো এত জনপ্রিয় হয়ে উঠে যে সাহেব থেকে ট্যাক্সি ড্রাইভার সবাই আসতেন। ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে খাবার খেতেন।
আরও পড়ুন : বলিউড সিনেমায় অভিনয় করছেন শিখর ধাওয়ান





