বিসিবি নির্বাচন: ৬০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, তামিম-আমিনুলের হেভিওয়েট লড়াই!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনের জন্য ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ক্যাটাগরি-১ থেকে ২৫ জন, ক্যাটাগরি-২ থেকে ৩২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৩ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র সংগ্রহের একমাত্র দিন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই প্রক্রিয়া চলে। অনেক প্রার্থী নিজে উপস্থিত হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন, আবার কেউ কেউ প্রতিনিধির মাধ্যমে এ কাজ সম্পন্ন করেছেন। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হয়।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম থেকে ৫ জন, খুলনা থেকে ৩ জন, রাজশাহী থেকে ৪ জন, সিলেট থেকে ৩ জন, রংপুর থেকে ৬ জন এবং বরিশাল থেকে ১ জন। ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে ৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার খালেদ মাসুদ পাইলট। মিঠু ক্যাটাগরি-২ এবং পাইলট ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন।
ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর আগে তিনি ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন নিয়ে ক্যাটাগরি-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদের জন্য এই দুজনকে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া, সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদও পরিচালক পদে মনোনয়ন নিয়েছেন। নির্বাচকের পদ ছেড়ে ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আব্দুর রাজ্জাক। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়ন পাওয়া জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরও পরিচালক পদের জন্য মনোনয়ন কিনেছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ৭১ জন কাউন্সিলরের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। ক্লাব ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। তৃতীয় ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক মনোনীত হবেন।





