বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনারা সতর্ক থাকবেন। তারা (বিএনপি) জঙ্গিদের মাঠে নামিয়েছে। ১০ তারিখ হলো খেলা? কী হলো? বিএনপির ১০ ডিসেম্বর ভুয়া, সরকারের পতন ভুয়া, বিজয় মিছিল ভুয়া, আন্দোলন ভুয়া।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
তিনি বলেন, ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন। সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা (বিএনপি)? সেদিন কেন তাদের কর্মসূচি আমি জানতে চাই।
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, (গণমিছিল) প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না। ২৪ তারিখে সারাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা ঢাকায় আসবেন। আমরা সংঘাত চাই না। আপনাদের গণমিছিল বাইরে করেন। ঢাকা সিটিতে সেদিন গণমিছিল না করার জন্য অনুরোধ করছি।
তিনি বলেন, দুই মাস আগে আমাদের নেত্রী (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ২৪ ডিসেম্বর জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন। এখন বিএনপির এ কর্মসূচির অর্থ সংঘাতের উসকানি। ১০ তারিখ ব্যর্থ হয়ে এখন ২৪ তারিখ গন্ডগোলের ষড়যন্ত্র করছে বিএনপি।
ওবায়দুল কাদের দাবি করেছেন, সরকারকে চাপ দিতে আমেরিকা যেন আবারও নিষেধাজ্ঞা দেয়, সেজন্য বিএনপি ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে।





