আন্দোলনে বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা বলেছিল সরকার বিএনপিকে ভয় পায়। যারা বলেছিল- নয়াপল্টনে সমাবেশ করবোই; আজ তারা গোলাপবাগে। তাহলে পরাজয় কার হলো? আমাদের না বিএনপির? আন্দোলনে অর্ধেক পরাজয় এখানেই হয়ে গেছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনেক ছাড় দিয়েছি আর ছাড় দেব না। যারা এই দেশের গণতন্ত্র গিলে খেয়েছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করেছে, জয়বাংলা ম্লোগানকে নিষিদ্ধ করেছিল, তাদের বিরুদ্ধে খেলা হবে।
বিদেশি কূটনীতিকদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশি বন্ধুদের বলি, আমরা তো আপনাদের অভ্যন্তরিন বিষয়ে হস্তক্ষেপ করি না। আমাদের সব বিষয়ে কেন আপনারা হস্তক্ষেপ করেন? বাংলাদেশের অভ্যন্তরিন বিষয় নিয়ে আপনারা হস্তক্ষেপ বন্ধ করুন।
দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, সবাইকে প্রস্তুত থাকতে হবে। সতর্ক পাহারায় থাকতে হবে। কাতারের পাশাপাশি বাংলাদেশেও অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। লাঠি বা আগুন নিয়ে এলে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি, আর ছেড়ে দেবো না।
রাজধানীবাসীকে আশ্বস্ত করে ক্ষমতাসীন দলের নেতা আরো বলেন, তারা (বিএনপি) থাকবে গোলাপবাগে। আমরা চলে যাচ্ছি সাভারে। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের ঢাকা দিয়ে গেলাম। আমরা ক্ষমতায়। আমরা কেন, অশান্তি চাইবো? আমরা কেন বিশৃঙ্খলা চাইবো?





