“বাসচালকরা কেউ ইচ্ছাকৃত সড়ক দুর্ঘটনা চান না”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,বাসচালক কিংবা বাস মালিক কেউ ইচ্ছাকৃত সড়ক দুর্ঘটনা চান না। কারণ দুর্ঘটনা হলে চালকের প্রাণ যেতে পারে। আমাদের দেশে যত প্রাণঘাতী রোগ রয়েছে তার চেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয় প্রতিনিয়ত এবং এতে আহত ও নিহত হনও বেশি।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে টেম্পু-ভটভটির জন্য আলাদা লেন তৈরি করা হচ্ছে, যেন হাইওয়ে ফ্রি থাকে। কাজটি করতে পারলে অনেক দুর্ঘটনা থেকে আমরা নিস্তার পাবো।
মন্ত্রী বলেন, কোনো দুর্ঘটনা হলেই আমরা বলি চালককে ধরো। সেই দুর্ঘটনার নায়ক। চালককে না পেলে গাড়ি পুড়িয়ে দেই। এটি সাধারণ নিয়মের মধ্যে পড়ে গেছে। উত্তেজিত জনতা সেটাই করি। প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন, চালক সব সময় দায়ী নয়। ইচ্ছাকৃতভাবে পথচারী কেউ রাস্তা পার হতে চান কিংবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হন সে কারণে দায়ী পথচারী। মহাসড়কে টেম্পু-ভটভটিও দায়ী সড়ক দুর্ঘটনার জন্য।
আসাদুজ্জামান খান কামাল বলেন, অত্যাধুনিক তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গঠন করেছি। হাইওয়ে নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশ গঠন করেছি। প্রশ্ন আসতে পারে হাইওয়ে পুলিশ কী করবে? আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। এরপর সবগুলো হাইওয়ে ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হবে। যেন যেকোনো দুর্ঘটনা ক্যামেরার আওতায় চলে আসে।
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্তদের পাশে আছে শেখ হাসিনা সরকার: ওবায়দুল কাদের





